বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সফর নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান রয়েছে, তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরকারপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, “মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের (National Interest) ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, বাংলাদেশ সেখানেই যাবে।”
যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, দেশে চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কেনা হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









