বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, “আমার ৮৮ বছর বয়সে আমি কখনো শুনিনি, একটা সরকার গঠন হওয়ার পর লোকে বলে এই সরকার টিকবে না। সারাক্ষণ দেখছি নারী-পুরুষেরা নিজের জুতা নিজের কপালে মারছে আর বলছে, আর কখনও বিএনপিকে ভোট দেব না।”
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সকালে বিশাল জনসভার আয়োজনের জন্য ১১ দলকে মোবারকবাদ জানিয়ে অলি আহমদ বলেন, “আপনারা এত সকালে যেভাবে এই বিশাল জনসভার আয়োজন করেছেন, এটা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। তারেক রহমান সাহেব চেষ্টা করতে পারেন, দেখেন আপনার লোকগুলো ঘুম থেকে ওঠে কি না। কারণ উনারা এবাদত করেন, অনেক দেরিতে ঘুমান।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ফখরুল সাহেব বলেছিলেন—গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাড়। এখন ফখরুল সাহেব কী বলবেন?” এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে, সুন্নত এবং কোরআনের বাইরে কোনো কাজ করবেন না। এখন আমি উনাকে জিজ্ঞাসা করি, আপনি কি আগের জায়গায় আছেন? থাকলে আমাদের সঙ্গে সমস্যাটা কোথায়?”
সরকারকে হুঁশিয়ার করে এলডিপি সভাপতি বলেন, “দেশ ভালো চালানোর জন্য ঈমানদার লোকদের বেছে নিতে হবে। বেইমান, মুনাফেক আর বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না। আপনি যদি জনগণের দাবি-দাওয়া মেনে না নেন, ১১ দলের পক্ষ থেকে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে বাধ্য করা হবে। এখনো বসে আছেন, সঠিক পথে চলেন। না হলে অন্যান্যরা যেভাবে দেশ ছেড়ে পলায়ন করেছে, তাদের পথ আপনাকেও অনুসরণ করতে হবে।”
লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে জানিয়ে তিনি বলেন, “কেউ যদি মনে করে এখানে আমরা মেজবান খেতে আসছি, তা না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আসছি। গন্তব্যে পৌঁছার পথে যদি কেউ বাধা সৃষ্টি করে, সেটা অধিকতর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।”
একই সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, “সরকার তার যাত্রার শুরুর ছয় মিনিট অতিক্রান্ত হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জাতি খলিফা ওমরের মতো মানুষকে ভুল করলে একচুল পরিমাণ ছাড় না দেওয়ার শপথ গ্রহণ করেছে। সেই জাতির ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুল পথে পরিচালিত করতে চান, তবে গলা ধরতে একচুল পরিমাণ আমাদের হাত কাঁপবে না।”
সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, “লংমার্চের মধ্য দিয়ে আমরা সে বার্তা দিতে শুরু করেছি। আমাদের বার্তা যদি শুরুতেই বুঝতে পারেন, সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। আর না হয় আপনাদের জন্যও সেই পরিণাম অপেক্ষা করছে, যেই পরিণাম জাতিকে অপমান করা প্রতিটি স্বৈরশাসকের জন্য অপেক্ষা করেছিল।”
বাংলাফ্লো/এম এইচ এইচ












