বিনোদন ডেস্ক
ঢাকা: নেপালে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) কবলে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান। তবে চরম এই দুর্যোগের মধ্যেও তিনি ও তার দল সম্পূর্ণ নিরাপদে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন।
জানা গেছে, নেপালের উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক এই প্রলয়ঙ্করী বন্যার আঘাতে শত শত পর্যটক নিখোঁজ হয়েছেন এবং মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ভয়াবহ দুর্যোগের খবর প্রকাশ্যে আসার পর দেশে ও বিদেশে থাকা তাসরিফ খানের অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।
উদ্বিগ্ন ভক্তদের স্বস্তির বার্তা দিয়ে তাসরিফ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে।’ একের পর এক ফোন ও বার্তার জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’
নিজের সুরক্ষার খবর জানানোর পাশাপাশি নেপালের এই আকস্মিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষদের দ্রুত উদ্ধারের প্রার্থনা জানিয়েছেন এই গায়ক। তিনি বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন।’
সামাজিক নানা কাজ ও গান নিয়ে প্রতিনিয়তই আলোচনায় থাকা এই শিল্পী বর্তমানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দ্রুততম সময়ে নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










