বিনোদন ডেস্ক
ঢাকা: মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘আওয়ারাপন ২’। সপ্তাহান্তে সিনেমাটির আয় আরও বেড়েছে। আর মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি আয় করলেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহের রবিবার একাই ভারতের বাজারে ছবিটি ৮ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এদিন ১৩ হাজার ৬৩২টি প্রদর্শনীতে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ২১ শতাংশ। এই আয় যোগ হয়ে ভারতে ‘আওয়ারাপন ২’-এর মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। আর ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৬২ কোটি ৫০ লাখ রুপি।
বিদেশের বাজারেও সিনেমাটির আয় অব্যাহত রয়েছে। দশম দিনে সেখান থেকে এসেছে ১ কোটি ৫০ লাখ রুপি। এতে বিদেশে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে ভারত ও বিদেশের বাজার ধরে ‘আওয়ারাপন ২’-এর বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ এখন ১৯২ কোটি ৮০ লাখ রুপি।
দ্বিতীয় সপ্তাহের শুরুতে সিনেমাটির আয় কিছুটা কমলেও সপ্তাহান্তে পরিস্থিতি বদলে যায়। শুক্রবার ভারতে ৯ হাজার ৮৫৮টি প্রদর্শনী থেকে ৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করে সিনেমাটি। পরদিন শনিবার তা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২৫ লাখ রুপি। অর্থাৎ, এক দিনের ব্যবধানে আয় বেড়েছে প্রায় ৪৩.৫ শতাংশ। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে সিনেমাটির নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। বক্স অফিসে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে জোর লড়াই থাকলেও আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটিই। এটি ইতিমধ্যে ২০২৬ সালের অন্যতম সফল হিন্দি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
নিতিন কাক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ হলো ২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল। বিশেষ ভাটের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। এছাড়া আরও রয়েছেন পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা গেছে আলিয়া হামিদ ও কবিরের ভূমিকায় অভিনয় করা শ্রিয়া শরণ ও শাদ রন্ধাওয়াকে।
সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ধীরগতির প্রথমার্ধ, কিছুটা অনুমানযোগ্য গল্পের মোড় এবং দুর্বল খলনায়ক নিয়ে আপত্তি থাকলেও ইমরান হাশমির অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রথম সিনেমার স্মৃতির সঙ্গে নতুন গল্প ও আবেগকে মিলিয়ে তৈরি ‘আওয়ারাপন ২’-এর পরবর্তী লক্ষ্য এখন বক্স অফিসে ২০০ কোটি রুপির বৈশ্বিক আয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ












