বিনোদন ডেস্ক
ঢাকা: একটা সময় ছোট পর্দায় নিয়মিত মুখ ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে সরে যান। মাঝে বিজ্ঞাপনচিত্র আর সিনেমার কাজ করলেও নাটকে অনেক দিন তাকে পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ সাত বছর পর ‘নীলপরী’ নাটকের মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরলেন এই অভিনেত্রী। মাসরিকুল আলম পরিচালিত এই নাটকে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শার্লিন জানান, এর আগে সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন তিনি।
দীর্ঘ বিরতির কারণ জানিয়ে শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম; সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’
প্রত্যাবর্তনের জন্য ‘নীলপরী’ নাটকটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই যেন ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন, নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা; মনে হলো, আমি তো এমনটাই চেয়েছি। আরেকটা কারণ, এমন গল্প চেয়েছিলাম যেন চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে। এই নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যাদের প্রেম করে বিয়ে হয়, সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এই দিকটাও আমার বেশ ভালো লেগেছে।’
শুটিংয়ের বাজেট ও সময় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, ‘আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। শুটিংও তড়িঘড়ি করে করতে হতো। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে, নইলে গড়ে দুই দিনে শুটিং শেষ করতে হতো। আর এই নাটকটার শুটিং আমরা সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো, নির্মাতা তার প্রয়োজন মতো সবকিছুই করছেন।’
প্রসঙ্গত, অপূর্ব ও শার্লিন ফারজানা জুটি বেঁধে একসময় বেশ কয়েকটি জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘ভালোবাসার ফানুস’, ‘তাই তোমার গল্পে’ এবং ‘সরি টু’।
বাংলাফ্লো/এম এইচ এইচ












