বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মন্ত্রণালয়ে সুনামের সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সহপাঠী এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন মন্ত্রী। প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে আমরা দেখা করি। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার কথা তুলে ধরে আমরা বিশেষ মূল্যায়নের অনুরোধ জানাই। পরবর্তীতে স্যারদের আন্তরিক সহায়তায় আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হয়। গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা যেন সততার সঙ্গে পালন করতে পারি। একজন সহকর্মী ও বন্ধু হিসেবে মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ আরও অনেকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












