বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)—এই তিনটি সংস্থাকে একীভূত করে নতুন এই বিনিয়োগ উন্নয়ন সংস্থাটি গঠন করা হয়েছে।
গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করে সরকার। আইনটি কার্যকরের পরপরই ২১ ও ২২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক। এর আগে তিনি বিডা-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যানের পাশাপাশি নবগঠিত এই সংস্থাটিতে আরও তিনজনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নাহিয়ান রহমান রচিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এবং এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই কর্তৃপক্ষের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এসব আদেশের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












