জেলা প্রতিনিধি
জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই নির্মম নির্যাতনে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর নলপুকুর আদর্শ গ্রামের জামালের ছেলে এবং আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দুজন একে অপরের বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। মাইদুলকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের ওপর অমানুষিক মারধর ও নির্যাতন চালানো হয়। পরে মাঠের পাশে তাদের ফেলে রেখে যাওয়া হয়। ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন বলে জানালেও তাদের নাম বা ঠিকানা তিনি জানেন না।
আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটু জানান, নিহত লাল বাদশা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং চোখেও কম দেখতেন। অন্যদিকে, আহত মাইদুলেরও কিছুটা জ্ঞান-বুদ্ধির সমস্যা রয়েছে। চোর সন্দেহে এমন নিরীহ ও প্রতিবন্ধী যুবকদের ওপর নির্যাতনের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের মারধর করা হয়ে থাকতে পারে এবং মাঠের পাশে ফেলে যাওয়ার পর লাল বাদশার মৃত্যু হয়। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। মাইদুলের দেওয়া তথ্য ও অন্যান্য বিষয় যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাফ্লো/এম এইচ এইচ












