বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও এ দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির যে বয়ান দিয়ে যাচ্ছেন, ভারত কোনোভাবেই এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি’ উপলক্ষে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়েছে। এরপরও তিনি দিল্লিতে বসে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় রয়েছে। অথচ তিনি ভারতে বসে বিশ্বমিডিয়ার সঙ্গে বারবার কথা বলার সুযোগ পাচ্ছেন, যা আমরা কখনোই সমর্থন করি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি আমরা নিজেরাও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এক হাজার ৪০০-এর বেশি মানুষকে হত্যার পরও তাকে ভারত কীভাবে গণতান্ত্রিক নেতা হিসেবে স্বীকৃতি দেয়, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে আমরাও চাই। পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্ক রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারব না। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এটি কেবল ৩৬ দিনের নয়, বরং ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। ছাত্ররা সম্মুখসারিতে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে— তাদের কৃতিত্ব আমরা কখনোই অস্বীকার করি না। কিন্তু যারা এই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে বিচ্ছিন্ন করে দেশে নতুন করে ‘চেতনা বিক্রির রাজনীতি’ করতে চায়, তাদের মনে রাখতে হবে বাংলাদেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না।
রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধানে এমন সংশোধনী আনা হবে যার মধ্য দিয়ে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায়। প্রধানমন্ত্রীর মেয়াদ কোনোভাবেই মোট ১০ বছরের বেশি দেওয়া হবে না। এছাড়া সংসদ সদস্যরা যাতে স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন, সেই পদ্ধতি চালু করার পাশাপাশি আপার হাউস ও লোয়ার হাউসের মধ্যে ভারসাম্য (চেক অ্যান্ড ব্যালান্স) আনার বিধান করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তিনি সতর্ক করে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে দেশে রাজনীতি করার অধিকার থাকবে না। তাই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












