স্পোর্টস ডেস্ক
ঢাকা: শিরোপা নির্ধারণী ফাইনাল লড়াইয়ের প্রথম লেগ। রেফারি বাঁশি বাজানোর পর পার হয়েছে মোটে ১১ মিনিট। ঠিক এমন সময় সবুজ গালিচায় দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। হঠাৎ করেই একঝাঁক মৌমাছি হানা দেয় ফুটবল মাঠে। যার ফলে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে হয় টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি।
বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেখানের বাহিয়া প্রদেশের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার জন্য লড়ছিল দুই চিরচেনা দল ফ্লুমিনেন্স এবং বাহিয়া। খেলার ১১ মিনিটের মাথায় মৌমাছির দল উড়ে এলে রেফারি তাৎক্ষণিকভাবে ম্যাচ স্থগিত করেন। এ সময় নিজেদের রক্ষা করতে দুই দলের খেলোয়াড়দেরই সবুজ ঘাসের ওপর উপুড় হয়ে শুয়ে পড়তে দেখা যায়।
মৌমাছির এই আকস্মিক আক্রমণের কারণে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা। এরপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে এলে রেফারি পুনরায় খেলা শুরু করার নির্দেশ দেন।
তবে সাময়িক বিরতির পর খেলা পুনরায় মাঠে গড়ালেও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিক বাহিয়ার যুবারা। নিজেদের ডেরায় অনুষ্ঠিত এই প্রথম লেগে ফ্লুমিনেন্সের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। পুরো ৯০ মিনিটের এই লড়াইয়ে স্বাগতিকদের জালে গুনে গুনে আট গোল (দুই হালি) জড়িয়েছে ফ্লুমিনেন্স। এই বিশাল জয়ের ফলে দ্বিতীয় লেগে তারা যদি ৭টি গোলও হজম করে, তবুও শিরোপা নিজেদের ঘরে তুলতে কোনো বেগ পেতে হবে না ফ্লুমিনেন্সকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










