বিনোদন ডেস্ক
ঢাকা: বিজ্ঞাপনের চুক্তির ফাঁদে ফেলে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে একটি হাসপাতালে ডেকে নিয়ে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এই অভিনেত্রী।
মামলার এজাহার ও অভিনেত্রীর অভিযোগ থেকে জানা যায়, কাজের চুক্তির কথা বলে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী ভেবে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, জেবা তাকিয়া নামের ওই নারী চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। ঘটনার সময় সেখানে উপস্থিত ইমন নামের এক ব্যক্তি পরিস্থিতি শান্ত করার বদলে স্নিগ্ধাকে জেবা তাকিয়ার পরিচয়টিই মেনে নেওয়ার জন্য ইশারা করতে থাকেন। এরপরই মূলত তাকে ওই নারী ভেবে মারধর শুরু হয়।
ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে স্নিগ্ধা বলেন, রুম থেকে অন্য সবাইকে বের করে দিয়ে তাকে সম্পূর্ণ একা আটকে ফেলা হয়। এরপর দড়ি দিয়ে তার হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়। অভিযুক্ত ব্যক্তি দড়িটি দেখিয়ে দাম্ভিকতার সঙ্গে বলেন, এই দড়ি দিয়ে নাকি হাসিনা ও রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে! তারেক রহমান, হাসিনা ও সালাউদ্দিনের মতো রাজনীতিকরা তার পায়ের কাছে পড়ে থাকেন বলেও দম্ভোক্তি করেন তিনি। এমনকি স্নিগ্ধাকে মেরে মাটিচাপা দেওয়ার হুমকিও দেন ওই ব্যক্তি।
বাঁচার আকুতি জানিয়ে স্নিগ্ধা ওই চেয়ারম্যানকে তার নিজের সন্তানের দোহাই দিলেও মন গলেনি। উল্টো চুল মুঠি করে ধরে শরীরের নানা স্থানে এলোপাতাড়ি লাথি মারা হয়। ফুলে যাওয়া জখমের চিহ্ন দেখিয়ে আক্ষেপ করে এই অভিনেত্রী বলেন, “আমার বাবা-মা জীবনে কোনোদিন আমার গায়ে টোকা পর্যন্ত দেননি, আর সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে! লাথির আঘাতে আমার শরীর ফুলে আছে।”
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার ভয়ে শুরুতে আইনি পদক্ষেপে যেতে চাননি স্নিগ্ধা। তবে পরে বাধ্য হয়েই খিলক্ষেত পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন স্নিগ্ধা চৌধুরী। ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রী সম্প্রতি বড় পর্দায় পা রেখেছেন। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












