বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযান চলাকালে ৪৭৬টি যানবাহন ডাম্পিং এবং ২৯২টি যানবাহন রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক মামলার মধ্যে ট্রাফিক ওয়ারীতে সর্বোচ্চ ৩৯১টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মতিঝিলে ৩৬৫টি, মিরপুরে ৩৩৭টি, উত্তরায় ৩১৩টি, তেজগাঁওয়ে ২৮৭টি, গুলশানে ২৮১টি, লালবাগে ১৩৬টি এবং রমনা বিভাগে ১৩০টি মামলা করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বাংলাফ্লো/এফআইআর










