বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন ডেঙ্গু রোগী। নতুন আক্রান্তদের অর্ধেকেরও বেশি ঢাকা ও বরিশাল বিভাগের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৬ জন এবং বরিশাল বিভাগে ৬৬ জন শনাক্ত হয়েছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এই ভাইরাসে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু—উভয় ক্ষেত্রেই ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ২ হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল বিভাগে ১ হাজার ৬২৯ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। তবে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী-পুরুষের অনুপাত সমান, অর্থাৎ ৫০ শতাংশ করে।
বাংলাফ্লো/এফআইআর



