স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বকাপে প্রিয় দল কোন রঙের জার্সি গায়ে মাঠে নামবে, তা নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের শেষ নেই। আর দলটা যদি হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তবে তো সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে লিওনেল স্কালোনির শিষ্যরা কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবেন, তা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এর মধ্যে দুটি ম্যাচে চিরচেনা আকাশি-সাদা জার্সিতে এবং একটি ম্যাচে নতুন কালো অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে মেসিদের।
বিশ্বকাপ আসর শুরুর প্রায় এক সপ্তাহ পর আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে চেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা পরে খেলবেন বর্তমান চ্যাম্পিয়নরা। গোলপোস্টের পাহারায় থাকা এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সি গায়েই মাঠে নামবে স্কালোনির দল। তবে এই ম্যাচে গোলরক্ষক মার্টিনেজের পোশাকে কিছুটা পরিবর্তন আসবে; তাকে দেখা যাবে হালকা সবুজ রঙের কিটে।
অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডালাসে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই ম্যাচেই প্রথমবারের মতো এবারের আসরের নতুন কালো রঙের অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবেন মেসিরা। এই কালো জার্সিতে নীল ও আকাশি রঙের নজরকাড়া ছোঁয়া থাকছে, আর লোগো ও নম্বর ফুটিয়ে তোলা হয়েছে সাদা রঙে। জর্ডানের বিপক্ষে এই ম্যাচে মার্টিনেজের কিটটি হবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় সবুজ রঙের। নতুন এই অ্যাওয়ে জার্সির নকশায় মূলত আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্পের চমৎকার অনুপ্রেরণা তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে, শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের এই তিন ম্যাচে দুটি ভিন্ন রূপে মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাফ্লো/এফআইআর




