বিনোদন ডেস্ক
ঢাকা: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার মা হতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, চলতি বছরেই এই অভিনেত্রীর সংসারে নতুন অতিথি আসতে চলেছে। ২০২৪ সালের জুলাই মাসে জনপ্রিয় সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী।
সম্প্রতি সিনেমার বিভিন্ন অনুষ্ঠান কিংবা প্রিমিয়ারে সোহিনীকে খুব একটা দেখা যাচ্ছে না। এমনকি নিজের অভিনীত সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও তিনি অনুপস্থিত ছিলেন। মূলত তার এই ধারাবাহিক অনুপস্থিতি থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরালো হয়েছে।
সোহিনী বা শোভন কেউই আনুষ্ঠানিকভাবে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এই তারকা দম্পতির বন্ধুমহলের অনেকেই সুখবরটি জানেন। তবে তারা নিজেরা প্রকাশ্যে না আনা পর্যন্ত বন্ধুরা বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষের দিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর এবং এর কয়েক মাস আগে অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে শোভনের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এরপরই সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন শুরু হয়, যা পূর্ণতা পায় ২০২৪ সালের বিয়ের মাধ্যমে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






