বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন মোড় এসেছে। সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করার সময় প্রধান আসামি সোহেল রানা দাবি করেন, তিনি কেবল ধর্ষণ করেছেন, কিন্তু রামিসাকে হত্যা করেছে ‘ডলার’ নামের মিরপুর-১১ নম্বর এলাকার এক বিত্তবান ব্যক্তি। এমনকি এই কাজের জন্য ডলার তাকে দুই লাখ টাকা দিয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে নিজ স্ত্রী স্বপ্না আক্তারকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন সোহেল।
হঠাৎ করে সামনে আসা এই ‘ডলার’ কে, তা নিয়ে তদন্ত সংশ্লিষ্টরা এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অহিদুজ্জামান তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও, বিষয়টিকে ‘ম্যাটার অব ট্রায়াল’ বা বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু। তিনি জানান, পুলিশের প্রতিবেদনে না থাকা কোনো বিষয়ে প্রসিকিউশনের কিছু বলার নেই, তবে আসামির এই দাবিগুলো সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে যাচাই করা হবে। নথিপত্র ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রত্যাশা করছে। উল্লেখ্য, গত ১৯ মে সকালে স্কুলছাত্রী রামিসা নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয় এবং পালিয়ে যাওয়া প্রধান আসামি সোহেল রানাকে পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ।
বাংলাফ্লো/এফআইআর






