বিনোদন ডেস্ক
ঢাকা: তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তুমুল জনপ্রিয় তারকা ও রাজনীতিক থালাপতি বিজয়। তবে তাঁর এই রাজনৈতিক উত্থানের ঐতিহাসিক মুহূর্তের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। শপথ গ্রহণের পরপরই তৃষার দেওয়া একটি রহস্যময় পোস্ট দু’জনের সম্পর্কের পুরনো গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে।
গত সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’। এর পাশাপাশি নিজের প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেত্রী। গত ১০ মে চেন্নাইয়ে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। বিজয়ের প্রথম ভাষণের সময় দর্শকসারিতে বসা তৃষাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তৃষার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা শুধু বলেন, “ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।”
থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের প্রেমের গুঞ্জন বিনোদন পাড়ায় বেশ পুরোনো। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ পর্যন্ত এই জুটি দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। তবে ২০২৪ সালের জুনে বিজয়ের জন্মদিনে তাঁর একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, “শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ।” মূলত এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র আকার ধারণ করে।
এদিকে, ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর রটেছে। বিজয়ের এমন গুরুত্বপূর্ণ একটি শপথগ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






