বিনোদন ডেস্ক
ঢাকা: রূপালি পর্দার ঝলমলে আলোয় থাকলেও নিজের ব্যক্তিগত জীবনটাকে বরাবরই ক্যামেরার আড়ালে সযত্নে লুকিয়ে রাখেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তবে এবার যেন স্মৃতির ঝাঁপি খুলে বসলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ফেলে আসা প্রথম প্রেম আর সম্পর্কের রসায়ন নিয়ে বেশ খোলামেলা আড্ডায় মেতেছিলেন এই তারকা। শোনালেন কৈশোরের সেই মিষ্টি প্রেমের নানান অজানা গল্প।
আড্ডার একপর্যায়ে তানজিকা জানান, জীবনে প্রেমের আনাগোনা খুব একটা বেশি ছিল না তাঁর। তবে যে কটি সম্পর্কে জড়িয়েছেন, তার শিকড় ছিল অনেক গভীরে। অভিনেত্রীর ভাষায়, “আমার জীবনে প্রেমের সংখ্যা হয়তো হাতেগোনা, কিন্তু সেগুলোর আয়ু ছিল বেশ লম্বা।”
স্মৃতি হাতড়ে তানজিকা ফিরে যান রাজশাহীতে কাটানো তাঁর কৈশোরের দিনগুলোতে। তখন তিনি মাত্র নবম শ্রেণির ছাত্রী। সেখানেই ‘অমিত’ নামের এক তরুণের সঙ্গে শুরু হয় তাঁর প্রথম মন দেওয়া-নেওয়া। টানা চার বছর টিকে ছিল সেই সম্পর্ক। তখনকার প্রেমের ধরনটাই ছিল অন্যরকম—ল্যান্ডফোনে ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে কথা বলা আর পাতার পর পাতা চিঠি লেখার সেই অদ্ভুত সুন্দর স্মৃতিগুলো আজও তাঁকে রোমাঞ্চিত করে।
প্রেমের সেই দিনগুলোর মজার সব খুনসুটির কথাও নির্দ্বিধায় শেয়ার করেন তিনি। পড়ার জন্য বাসা থেকে দেওয়া টিউশন ফি জমিয়ে চলত একে অপরকে উপহার দেওয়ার পালা। রেস্তোরাঁয় বসে ডেট করার জন্য পকেটে থাকত মাত্র ২০ টাকা! সেই টাকায় কেবল কোক আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই পরম তৃপ্তিতে কেটে যেত সুন্দর মুহূর্তগুলো। তবে ল্যান্ডফোনে মাত্রাতিরিক্ত কথা বলার মাশুলও গুনতে হয়েছে কড়ায়-গণ্ডায়। মাস শেষে বিশাল বিল দেখে মায়ের হাতের ‘উত্তম-মধ্যম’ও জুটত কপালে!
স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে প্রেমিকের হাত ধরে রাজশাহীর পদ্মার পাড়ে ঘোরার সেই দিনগুলো মনে করে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন তানজিকা। তবে কথার শেষে বেশ মজার ছলেই একটি তথ্য ফাঁস করেন অভিনেত্রী—তাঁর সেই প্রথম প্রেমিক অমিত নাকি আজও বিয়ের পিঁড়িতে বসেননি!
বাংলাফ্লো/এম এইচ এইচ






