বিনোদন ডেস্ক
ঢাকা: আবারও রাজপথে নামলেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার নিজের জন্য নয়, স্বামী রাজ চক্রবর্তীর জন্য। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজের হয়ে ভোট চাইতে গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে জনসংযোগে অংশ নেন তিনি। ব্যারাকপুরের লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত আয়োজিত এই বর্ণাঢ্য রোড শো-কে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
গতকাল বিকেলের এই প্রচারের শুরুতে এলাকার একটি মন্দিরে পূজা সম্পন্ন করেন শুভশ্রী। এরপর নীল-সাদা শাড়িতে সেজে হুড খোলা জিপে রাজ চক্রবর্তীর পাশে বসে প্রচার সারেন তিনি। এই তারকা যুগলকে এত কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও ভক্তরা। ভিড়ের মাঝে অনেককেই প্রিয় নায়িকার সঙ্গে হাত মেলাতেও দেখা যায়। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনেও রাজের জয়ের নেপথ্যে শুভশ্রীর সক্রিয় প্রচার বড় ভূমিকা রেখেছিল। স্বামী রাজের হয়ে রাজনীতির মাঠে প্রচার চালালেও এখনই প্রত্যক্ষ রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই শুভশ্রীর। রাজ জানান, দুই ছোট সন্তান ইউভান ও ইয়ালিনির দেখাশোনা এবং অভিনয়ের ব্যস্ততার কারণে শুভশ্রী রাজনীতির প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন।
এদিন প্রচারের ফাঁকে সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিও নিয়েও মুখ খোলেন রাজ চক্রবর্তী। ওই ভিডিওতে এক বৃদ্ধা ভোটারকে রাজের পা ধুইয়ে দিতে দেখা গিয়েছিল, যা নিয়ে বিরোধী শিবির কড়া সমালোচনা শুরু করে। এ প্রসঙ্গে রাজ বলেন, “আমি এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। উনি আমাকে সন্তানের মতো এবং নারায়ণের মতো মনে করে ভক্তিভরে পা ধুইয়ে দিয়েছেন। আমি কোনো বাকবিতণ্ডায় যেতে চাই না। গত ৫ বছরে এলাকার ৭০ শতাংশ কাজ আমি করতে পেরেছি, বাকিটাও শেষ করতে চাই।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারাকপুরে রাজের বিদায়ী বিধায়ক সত্তা এবং শুভশ্রীর তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবারও এই কেন্দ্রে জয়ের পাল্লা ভারী রাখতে চাইছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






