বিনোদন ডেস্ক
ঢাকা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসিয়েছে। পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি ম্যায় কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে।
মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই নাটকের সমাপনী পর্বটিতে থাকছে বিশেষ চমক। নির্মাতা মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধ ও আগ্রহের কথা মাথায় রেখে শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে। সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট হলেও, শেষ পর্বটি হবে দেড় ঘণ্টারও বেশি সময়ের। মূলত টেলিভিশন সম্প্রচারের সময়সীমাবদ্ধতার কারণে এতদিন ব্যাপ্তি বাড়ানো সম্ভব না হলেও দর্শকদের আক্ষেপ ঘোচাতেই এই মেগা আয়োজনে শেষ হচ্ছে নাটকটি।
নাটকটিতে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠুর মতো একঝাঁক তারকা। গত বছরের (২০২৫) ৫ নভেম্বর থেকে চ্যানেল আইতে শুরু হওয়া এই ধারাবাহিকটি একই সঙ্গে ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেড় ঘণ্টার এই বিশেষ সমাপনী পর্ব দর্শকদের প্রত্যাশা দারুণভাবে মেটাবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা।
বাংলাফ্লো/এম এইচ এইচ






