বিনোদন ডেস্ক
ঢাকা: মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের অভিনীত ‘ফাতেমা’ ফুফু চরিত্রটি নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।
নাটকের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত দীপা বলেন, ‘আমার প্রায় ২৬-২৭ বছরের ক্যারিয়ারে কোনো নাটকের পর্বের জন্য মানুষকে এভাবে অপেক্ষা করতে দেখিনি। আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা এত বড় আকারে মানুষের হৃদয়ে নাড়া দেবে তা বুঝতে পারিনি।’ এই বিশাল সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব নির্মাতা মোস্তফা কামাল রাজকে দিয়ে দর্শকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পর্দায় অভিনীত চরিত্রটি তার বাস্তব জীবনের এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে জানিয়ে দীপা খন্দকার বলেন, ‘যেহেতু আমার কোনো ভাই নেই, তাই বাস্তব জীবনে আমার কখনোই ফুফু হওয়া হয়নি। কিন্তু রাজ আমাকে ‘জাতীয় ফুফু’ বানিয়ে দিয়েছে, যা আমার জন্য অনেক বড় পাওয়া।’ উল্লেখ্য, বর্তমানে ৪৬টি পর্ব প্রকাশিত হওয়া এই নাটকে দীপা খন্দকারের স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। নাটকটিতে সামির ও তার স্ত্রীর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাদের সহযোগিতায় এই দম্পতির এগিয়ে আসার দৃশ্য গল্পের আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






