বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডে নতুন জল্পনা শুরু হয়েছে! প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার আটকে যাওয়া ‘ইনশাআল্লাহ’ সিনেমার কাজ নতুন করে শুরু করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, এই সিনেমায় সালমান খানের পরিবর্তে এবার শাহরুখ খানকে দেখা যেতে পারে এবং তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন আলিয়া ভাট। সবকিছু ঠিক থাকলে ২০০২ সালের সুপারহিট ‘দেবদাস’ সিনেমার দীর্ঘ ২৪ বছর পর আবারও বানশালির ফ্রেমে দেখা মিলবে বলিউড বাদশার।
এর আগে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখ ও আলিয়াকে মেন্টর ও শিক্ষার্থীর ভূমিকায় দেখা গেলেও, নতুন এই প্রজেক্টে প্রথমবারের মতো পর্দায় তাদের রোমান্স করতে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে। সাম্প্রতিক সময়ে ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো অ্যাকশন সিনেমায় কাজ করতে গিয়ে বেশ কয়েকবার আঘাত পেয়েছেন কিং খান। তাই কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে আবারও তিনি তার চিরচেনা রোমান্টিক ঘরানায় ফিরতে চাইছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। আগামী জুনের মধ্যেই সিনেমাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






