বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন হয়রানি এবং বুলিং নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি বিদ্রূপাত্মকভাবে ‘অ্যাটেনশন সিকার’ লিখে ডিজিটাল জগতের রূঢ় বাস্তবতা তুলে ধরেন। ‘কাভি ম্যাঁয় কাভি তুম’ এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর মতো জনপ্রিয় ড্রামার এই অভিনেত্রী জানান, ক্রমাগত নেতিবাচকতার কারণেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনুপস্থিত ছিলেন।
এমনিতে অনলাইন দুনিয়ায় বেশ সরব থাকা হানিয়া বলেন, ‘আমি বিতর্কের কাছে নতুন কেউ নই। কিন্তু এই নেতিবাচকতা আমাকে ভাবিয়ে তুলেছিল যে আমার নিজেকে বদলে ফেলা উচিত কি না।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মানুষ সুখী নারীদের ঘৃণা করে। শুধু পুরুষরাই নয়, এমনকি নারীরাও এই তালিকায় রয়েছে।’ নারীদের প্রতি অন্য নারীদের এমন নেতিবাচক মনোভাব নিয়ে চরম হতাশা প্রকাশ করে একে তিনি ‘হেট ট্রেন’ বা ঘৃণার মিছিল হিসেবে অভিহিত করেন। তিনি জানান, আগে সামাজিক বিচারগুলো ঘরে বা সমাজে সীমাবদ্ধ থাকলেও এখন তা ইনস্টাগ্রামে চলে এসেছে, যেখানে মানুষের বর্ণ বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা হচ্ছে।
সম্প্রতি তার ও এক বান্ধবীর পোশাকের মধ্যে করা একটি ‘দিস অর দ্যাট’ তুলনামূলক পোস্টের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কনটেন্ট কেন তৈরি করা হয়? খ্যাতি অর্জন করলে নারীদের প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের আশ্রয় নেওয়ার যে অপবাদ দেওয়া হয়, তারও কড়া প্রতিবাদ জানান এই অভিনেত্রী। অনুসারীদের উদ্দেশে হানিয়া প্রশ্ন রাখেন, ‘আমাদের একটু থামা উচিত এবং ভাবা উচিত—আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে?’ পরিশেষে সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষকে তার নিজের মতো থাকতে দিন।’
বাংলাফ্লো/এম এইচ এইচ






