বিনোদন ডেস্ক
ঢাকা: ক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। বিশেষ করে এই অভিনেতার ৪৪তম জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর ভক্তদের সেই কৌতূহল আরও বেড়েছে। এবার জানা গেল ৭০০ কোটি রুপি বাজেটের এই বিশাল সিনেমায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক, যেখানে দীপিকা পাড়ুকোনের তুলনায় সাত গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই সিনেমায় আল্লু অর্জুনকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে—একজন পুলিশ, তার অর্ধেক মানুষ-অর্ধেক দৈত্য ভাই এবং এই দুই ভাইয়ের বাবা। একই সিনেমায় এমন তিনটি বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। অন্যদিকে, এই সিনেমায় অভিনয় করা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২৫ কোটি রুপি এবং দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।
পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন এই সিনেমা এবং বর্তমানে মুম্বাইয়ে এর শুটিং চলছে। সিনেমাটির প্রথম ঝলকে চোখে গাঢ় কাজল ও হাতে পশুর মতো বড় নখ সংবলিত আল্লু অর্জুনের রহস্যময় লুক সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘রাকা’।
বাংলাফ্লো/এম এইচ এইচ






