বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি ও বার্তা শেয়ার করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবিতে দেখা যায়, অনন্তের কাঁধে চড়ে আছেন সালমান, আর দুজনই বেশ হাসিখুশি মেজাজে ধরা দিয়েছেন। পুরোনো এই ছবির মাধ্যমে সালমান মূলত তাদের এই ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টিকেই ফের সামনে আনলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান খান অনন্তকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে অভিহিত করে লেখেন, ‘এই মানুষটিই একদিন পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ অনন্তকে নিজের ছোট ভাইয়ের মতো সম্বোধন করে তার উদার হৃদয়ের প্রশংসা করার পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেন ভাইজান। এছাড়া জন্মদিনের আগের রাতেও এক বার্তায় আম্বানি পুত্রকে বিশ্বের অন্যতম নিঃস্বার্থ ও দয়ালু মানুষ হিসেবে অভিহিত করেন তিনি।
এদিকে, অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উদযাপন ঘিরে বর্তমানে ভারতের জয়পুরে চলছে জমকালো আয়োজন। এই রাজকীয় অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে বলিউড বাদশাহ শাহরুখ খান, রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং দক্ষিণী তারকা রাম চরণসহ বিনোদন জগতের শীর্ষ তারকারা সেখানে উপস্থিত হয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






