বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। এছাড়া ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। শুক্রবার পাস হওয়া বিলগুলোর ক্ষেত্রে বিশেষ কমিটি এগুলোকে অপরিবর্তিতভাবে পাসেরই সুপারিশ করেছিল।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল’, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল’ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল’, ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল’ ও ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল’ উত্থাপন করলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস হয়।
বাংলাফ্লো/এফআইআর






