বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সংবিধান সংশোধনে অচিরেই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। আগামী রোববারের মধ্যেই সবার মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের এই কমিটিতে আনুপাতিক হারে সব দলের প্রতিনিধি রাখার পরিকল্পনা রয়েছে। স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকেও প্রতিনিধি রাখা হবে। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের এই কমিটি গঠিত হতে পারে, যদিও সদস্য সংখ্যাটি এখনো নির্দিষ্ট নয়।
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, সংবিধান সংশোধনকে এমন এক পর্যায়ে নেওয়া হবে, যাতে বারবার এতে কাঁচি চালাতে না হয়। বিশেষ এই কমিটিতে বিরোধী দল থাকবে না—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তাদের এই অবস্থান সঠিক হবে না। আজ বা কাল হোক, সংবিধান সংশোধন করতেই হবে। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি কাঁচির একটি অংশ দিয়েও চুল কাটা যায় না। জুলাই সনদ অনুযায়ী দেশের স্বার্থেই এই সংশোধন প্রয়োজন উল্লেখ করে তিনি কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে প্রতিধ্বনিবিহীন অত্যাধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং ইন্টারনেটের ধীরগতি দূর করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ ও আগামী ১০ তারিখের মধ্যে বাসা প্রস্তুত করে সংসদ সদস্যদের বরাদ্দের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও আটজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






