বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড থেকে হলিউড— সর্বত্রই প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস পরিচিত এক ‘পাওয়ার কাপল’ হিসেবে। তবে গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন রটেছিল যে, এই তারকা দম্পতির সম্পর্কে ফাটল ধরেছে এবং তাঁদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। অবশেষে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সেই বিচ্ছেদের ভুয়া গুঞ্জনে কড়া জবাব দিয়েছেন স্বয়ং ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া।
অস্কারের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও নেটিজেনদের একাংশ দাবি করছিলেন প্রিয়াংকা ও নিকের মাঝে বিচ্ছেদের বীজ বপন হয়েছে। সব জল্পনায় পানি ঢেলে প্রিয়াংকা স্পষ্ট জানিয়েছেন, তিনি ও নিক দিব্যি আছেন এবং তাঁদের সম্পর্ক অটুট রয়েছে। বাইরের এসব ভুয়া গুঞ্জনে তাঁরা মোটেও কান দেন না।
বর্তমানে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এসএস রাজামৌলীর ‘বারানসি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াংকা। সেখানেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী পাল্টা প্রশ্ন তোলেন— কে বা কারা এমন ভুয়া গুঞ্জন ছড়িয়ে দিচ্ছেন এবং তাঁদের উদ্দেশ্য কী? তিনি আক্ষেপ করে বলেন, ‘মানুষ কি চায় যে, আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ধরনের গুঞ্জন বারবার ছড়িয়ে দেওয়া হয়?’
প্রিয়াংকা স্বীকার করেন যে, তাঁরা দুজনে দুই ভিন্ন সংস্কৃতির ও ভিন্ন দেশের মানুষ। তাঁদের ধর্ম আলাদা এবং বয়সের ব্যবধানও রয়েছে, যে কারণে হয়তো মানুষ এসব কথা বলে। তবে তিনি জোর দিয়ে বলেন, গত আট বছর ধরে তাঁরা খুবই ভালো আছেন। নিকের সাথে দেখা হওয়ার ছয় মাসের মাথাতেই তিনি বুঝেছিলেন যে নিকই তাঁর জন্য সঠিক মানুষ এবং তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ





