স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামীকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের ইনিংসে প্রথম তিনজন ব্যাটার হিসেবেই অভিষেক হতে যাচ্ছে শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামিল হোসেনের। বাবর আজমের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর এই দল নিয়ে মিরপুরে সিরিজ শুরু করার আগে আজ (মঙ্গলবার) নিজেদের রোমাঞ্চ ও প্রস্তুতির কথা জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পাকিস্তান দলে এমন ৬ জন খেলোয়াড় রয়েছেন, যাদের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। আগামীকাল প্রথম ম্যাচেই ফারহান-সাদাকাত ওপেনিং জুটির পর তিনে নামবেন আরেক নবীন শামিল হোসেন। তরুণ এই দলের সামর্থ্য দেখার অপেক্ষায় রয়েছে খোদ পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
সর্বশেষ সিরিজে সেঞ্চুরি পাওয়ার পরও বাবর আজম ও সাইম আইয়ুবদের মতো অভিজ্ঞদের দলে না রাখা নিয়ে যে বিস্ময় তৈরি হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন শাহিন আফ্রিদি। তিনি স্পষ্ট করেছেন যে, কেউ বাদ পড়েননি; মূলত আগামী বিশ্বকাপের জন্য দল গোছাতে এবং ভবিষ্যৎ তারকাদের আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর সুযোগ করে দিতেই এই কৌশল নেওয়া হয়েছে।
ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা ভয়ংকর, তা মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। সম্প্রতি উইন্ডিজকে হারানো বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি জানান, ঘরের মাঠে বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ এবং ভালো ক্রিকেট খেলছে।
বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিজেদের আত্মবিশ্বাসের কথাও জানান শাহিন। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি ও ধারাবাহিকতা মিরপুরেও ধরে রাখতে চায় তাঁর দল।
বাংলাফ্লো/এফআইআর






