বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকার স্টার কাবাব রেস্তোরাঁয় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) ঘটা এই ঘটনায় রেস্তোরাঁর কর্মীদের দ্বারা বেধড়ক মারধরের শিকার হয়েছেন একাধিক ক্রেতা। কর্মীদের চেয়ার ও বোতল নিয়ে হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শনিবার ইফতার করতে যাওয়া কয়েকজন ক্রেতার সঙ্গে ইফতার সামগ্রী বিশেষ করে খেজুরের দাম নিয়ে স্টার কাবাবের কর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর স্টাফরা সংঘবদ্ধ হয়ে ক্রেতাদের ওপর হামলা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও বাইরে চরম উত্তেজনা বিরাজ করছে। কয়েকজন স্টাফ ক্রেতাদের ধাক্কাধাক্কি করছেন, একজনকে চেয়ার হাতে তেড়ে যেতে এবং অন্য একজনকে বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়। এ সময় কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশের মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা কমেনি।
সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানিয়েছেন, প্রাথমিকভাবে খেজুরের দাম নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। মারধরের শিকার ও আহত ক্রেতারা থানায় উপস্থিত হয়েছেন। তাদের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এই মারধরের ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁর কোনো কর্মীকে আটক করা হয়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
বাংলাফ্লো/এফআইআর






