বিনোদন ডেস্ক
ঢাকা: শ্রীলঙ্কায় নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর শুটিংয়ের ফাঁকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিয়াম স্পষ্ট জানান, ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে চলা শাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। বরং ঈদে শাকিবের সিনেমার পাশে নিজের সিনেমা মুক্তি পাওয়াটাকে তিনি আনন্দের বিষয় হিসেবে দেখেন। সিয়ামের ভাষ্য, ‘আমার প্রতিদ্বন্দ্বিতা কেবল নিজের সঙ্গেই।’
ডার্ক থ্রিলার ও ভায়োলেন্স নির্ভর গল্পের এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এটি সুস্মিতার প্রথম বাংলাদেশি সিনেমা, যেখানে তাকে এক ধনাঢ্য পরিবারের আধুনিক মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি শুটিং ইউনিট ঢাকায় ফিরবে এবং বাকি কাজ দেশেই শেষ হবে। রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






