স্পোর্টস ডেস্ক
ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু বিশ্ব ক্রিকেট সংস্থা তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে। এরপর আইসিসি পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশনও বাতিল করে। ফলে আগামী এক মাসের বেশি সময় আন্তর্জাতিক কোনো ম্যাচ থাকছে না টাইগারদের।
সামনে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। যার ফলে দেশজুড়ে জোরেশোরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই সময়ে মাঠে ক্রিকেট থাকার তেমন সম্ভাবনা নেই। নির্বাচন শেষে বিসিএল দিয়ে মাঠে ফিরবে খেলা। এরপর বিশ্বকাপ শেষে ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১২, ১৪ এবং ১৬ মার্চ সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল।
সামনের এই অফুরন্ত অবসরের মাঝে গতকাল বাংলাদেশ ছেড়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকবাজকে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে। ততদিনে ক্রিকেট (মাঠে) ফিরবে বলে আশা করছি আমি।’
বাংলাফ্লো/এফআইআর






