জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে এখন সাজ সাজ রব। আজ রবিবার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে মাঠের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
শনিবার গভীর রাতে পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হয়ে সিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তদারকি করেন। তিনি সিসিটিভি মনিটরিং, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে তিনি অধস্তন কর্মকর্তাদের কড়া বার্তা দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় তিনি চট্টগ্রামে এসেছিলেন। দীর্ঘ দুই দশক পর দলীয় প্রধানের আগমনে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিনি বর্তমানে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন।
দলীয় সূত্রমতে, আজ রবিবার সকাল সাড়ে ৯টায় তরুণদের সঙ্গে একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তিনি। এরপর বেলা সাড়ে ১১টায় যোগ দেবেন পলোগ্রাউন্ডের মহাসমাবেশে। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
পলোগ্রাউন্ডে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। মাঠ ও আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক ও শক্তিশালী সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে:
১. রেড জোন: মঞ্চ এলাকা। এখানে কেবল কেন্দ্রীয় নেতা ও এমপি প্রার্থীরা থাকবেন।
২. ইয়েলো জোন: মঞ্চের সামনের অংশ। সাংবাদিক ও নারীদের জন্য সংরক্ষিত।
৩. গ্রিন জোন: সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের জন্য পুরো মাঠ। নিরাপত্তায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে।
বাংলাফ্লো/এফআইআর






