বিনোদন ডেস্ক
ঢাকা: মুম্বাইয়ের কোলাহল আর পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে বাঁচতে কাতারের দোহায় নতুন আস্তানা গড়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক ঐতিহ্যবাহী ‘পতৌদি প্যালেস’ থাকা সত্ত্বেও একটু নির্জনতা ও শান্তির খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন ছোট নবাব। সম্প্রতি তিনি তার এই ডুপ্লেক্স বাড়ির রাজকীয় অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখিয়েছেন।
সাইফ জানান, মুম্বাইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্জিদের ভিড় তাকে ব্যক্তিগত সময় কাটাতে দেয় না। তাই দোহার এই নতুন বাড়িটি তার কাছে এক ‘নিভৃত কোণ’। এখানে তিনি শতভাগ গোপনীয়তা বজায় রাখতে পারেন এবং কাজের চাপ ভুলে নিজের মতো করে সময় কাটান।
অন্দরমহলে আভিজাত্যের ছোঁয়া: সাইফের নতুন এই ডুপ্লেক্স বাড়ির সাজসজ্জায় রয়েছে আভিজাত্য ও স্নিগ্ধতার মিশেল।
ব্যালকনি ও ভিউ: সদর দরজা খুললেই চোখে পড়ে বিশাল ব্যালকনি। সেখানে রাখা আরামকেদারায় বসে দিগন্তজোড়া সূর্যাস্ত উপভোগ করেন অভিনেতা। সামনেই রয়েছে স্বচ্ছ জলরাশির সুইমিং পুল।
ডেকোরেশন: ঘরের দেয়ালে হালকা ও শান্ত রঙের ব্যবহার এবং স্বচ্ছ পর্দার উপস্থিতি পুরো পরিবেশকে স্নিগ্ধ করে তুলেছে।
বই পড়ার কর্নার: বইপোকা সাইফের জন্য শোবার ঘরের জানালার পাশেই রয়েছে একটি বিশেষ কর্নার। সেখানে একটি ছোট সোফা ও ল্যাম্প রাখা হয়েছে, যেখানে অলস দুপুরে বই পড়ে সময় কাটাতে পছন্দ করেন তিনি।
ফিটনেস: বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও আপস করেন না সাইফ। ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যেখানে তিনি নিয়মিত শরীরচর্চা করেন।
বাংলাফ্লো/এফআইআর






