আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘দেশত্যাগের প্রস্তুতি’র গুঞ্জনকে কেন্দ্র করে। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, ৮৬ বছর বয়সী খামেনি নিরাপত্তা বাহিনীর আনুগত্য নিয়ে শঙ্কা তৈরি হলে পরিবারের ২০ জন ঘনিষ্ঠ সদস্যসহ রাশিয়ার রাজধানী মস্কোতে পাড়ি জমাতে পারেন। প্রতিবেদনে তার বিদেশে বিপুল সম্পদের কথাও উল্লেখ করা হয়। তবে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতেও যিনি দেশ ছাড়েননি, বর্তমান বিক্ষোভে তার পলায়নের খবর বিশ্বাসযোগ্য নয়। একে ‘শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, “গত ৩ জানুয়ারি খামেনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি দেশেই আছেন এবং সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। নামহীন সূত্রের বরাতে এমন গুজব ছড়ানো থেকে গণমাধ্যমের বিরত থাকা উচিত।”
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাধারণ ইরানিরা জানান, উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে তাদের ক্ষোভ থাকলেও তারা খামেনির বিরোধী নন। তাদের মতে, যারা খামেনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক ও বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত। তেহরানের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক বলে দাবি করেছেন স্থানীয় বিশ্লেষকরা।
বাংলাফ্লো/এফআইআর






