অর্থনীতি ডেস্ক
ঢাকা: বছরের প্রথম দিনেই সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য এলো দুঃসংবাদ। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার আবারও কমিয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে।
নতুন হারের বিন্যাস ও শর্ত: নতুন আদেশ অনুযায়ী, এবার বিনিয়োগের সীমার ওপর ভিত্তি করে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার তুলনামূলক বেশি রাখা হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কমিয়ে আনা হয়েছে।
সর্বশেষ নির্দেশনায় সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮ দশমিক ৭৪ শতাংশ। উল্লেখ্য, গত জুলাই মাসেও একবার মুনাফার হার কমানো হয়েছিল।
বিভিন্ন সঞ্চয়পত্রে মুনাফার হারের পরিবর্তন:
১. পরিবার সঞ্চয়পত্র:
সাড়ে ৭ লাখ টাকার নিচে: আগে ছিল ১১.৯৩%, বর্তমানে ১০.৫৪%।
সাড়ে ৭ লাখ টাকার ওপরে: আগে ছিল ১১.৮০%, বর্তমানে ১০.৪১%।
২. পেনশনার সঞ্চয়পত্র:
সাড়ে ৭ লাখ টাকার নিচে: আগে ছিল ১১.৯৮%, বর্তমানে ১০.৫৯% (সর্বোচ্চ)।
সাড়ে ৭ লাখ টাকার ওপরে: আগে ছিল ১১.৮০%, বর্তমানে ১০.৪১%।
৩. ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:
সাড়ে ৭ লাখ টাকার নিচে: আগে ছিল ১১.৮৩%, বর্তমানে ১০.৪৪%।
সাড়ে ৭ লাখ টাকার ওপরে: আগে ছিল ১১.৮০%, বর্তমানে ১০.৪১%।
৪. ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:
সাড়ে ৭ লাখ টাকার নিচে: আগে ছিল ১১.৮২%, বর্তমানে ১০.৪৮%।
সাড়ে ৭ লাখ টাকার ওপরে: আগে ছিল ১১.৭৭%, বর্তমানে ১০.৪৩%।
১ জুলাই ২০২৫ তারিখের আগে কেনা সঞ্চয়পত্রগুলোর ক্ষেত্রে মেজাদপূর্তি পর্যন্ত আগের মুনাফার হার বহাল থাকবে। তবে আজ থেকে নতুন কেনা বা পুনর্বিনিয়োগের ক্ষেত্রে এই নতুন হার প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, এখন থেকে প্রতি ছয় মাস অন্তর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।
বাংলাফ্লো/এফআইআর






