স্পোর্টস ডেস্ক
ঢাকা: গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল বাংলাদেশ। শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে অর্জিত সেই ঐতিহাসিক জয়ের আনন্দ কিছুটা ম্লান হলো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) শাস্তিতে। ম্যাচ জয়ের পরেও নিয়ম ভঙ্গের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১ হাজার ২৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) জরিমানা করেছে এএফসি।
এএফসি ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ভারতের বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর সময় বাংলাদেশ দল ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামে। এটি এএফসির কম্পিটিশন ম্যানুয়ালের ২.২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। গত পরশু এএফসির ডিসিপ্লিনারি কমিটির সভায় এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফেকে আগামী এক মাসের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
বিলম্বে মাঠে নামার কারণে শাস্তি পাওয়ার ঘটনা বাংলাদেশের জন্য নতুন নয়। এর আগে গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিল বাংলাদেশ। তখন বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা গুণতে হয়েছিল। হংকং ম্যাচে সতর্ক থাকলেও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও সেই একই ভুল করায় এএফসি তাদের শাস্তির তালিকায় বিষয়টিকে ‘পুনরাবৃত্তি’ হিসেবে উল্লেখ করেছে।
মাঠের খেলায় ভারত বধের বীরত্ব দেখলেও মাঠের বাইরের নিয়মানুবর্তিতায় বাংলাদেশ দলের এই উদাসীনতা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






