আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে এক ঐতিহাসিক আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া। বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে এই বয়সসীমার শিশুদের জন্য টিকটক, গুগল, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার নতুন এই কঠোর আইন অনুযায়ী, দেশটির ১০টি বৃহত্তম প্রযুক্তি প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো কোম্পানি এই নির্দেশ মানতে ব্যর্থ হয়, তবে তাদের সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা গুনতে হবে।
সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এবং বাকস্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো। তারা মনে করে, এটি ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। অন্যদিকে, অভিভাবক ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকারকর্মীরা এই সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা মনে করছেন, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বিশ্বজুড়ে শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে একটি ‘টেস্ট কেস’ হিসেবে দেখছে অন্যান্য দেশ। কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট স্টাডিজের অধ্যাপক তামা লিভার বলেন, “অস্ট্রেলিয়া প্রথম এমন বিধিনিষেধ গ্রহণ করলেও এটি সম্ভবত শেষ নয়। এটি আসলে ‘ক্যানারি ইন দ্য কোল মাইন’ (বিপদের আগাম সংকেত)।”
বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তি খাত ক্ষতিকারক প্রভাব কমাতে ব্যর্থ হওয়ায় সরকারগুলো এখন সরাসরি হস্তক্ষেপে বাধ্য হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






