বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।

প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. শাহাবুদ্দিন তালুকদার, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ভাই শামীম এসকান্দার তাঁকে স্বাগত জানান। মির্জা ফখরুল তাঁকে সরাসরি খালেদা জিয়ার কেবিনে নিয়ে যান।
এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রধান উপদেষ্টাকে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। চিকিৎসকরা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স হাসপাতাল এবং যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থানকালে ড. ইউনূস তাঁর পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

গত ২৩ নভেম্বর ফুসফুসে ইনফেকশন ও অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর, ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে ‘ভিভিআইপি’ ঘোষণার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এসএসএফ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার তিন বাহিনীর প্রধানরাও খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






