জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: প্রশাসনকে ‘কব্জায় আনা’ এবং নিজের জন্য ‘সূর্য দাঁড়িয়ে থাকার’ মতো বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবারের ভিডিওতে তিনি নিজেকে ‘চিটাগাংয়ের সিংহ পুরুষ’ দাবি করে বলেছেন, পুলিশ এখন তাঁকে গ্রেপ্তার করার বদলে স্যালুট দেয়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, “এমন কোনো বাপের ক্ষমতা কী আছে… সবাই মিলে যদি পুলিশে বলে, যে শাহজাহান চৌধুরী এসেছে তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, ‘বাপরে বাপ, চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে কী বাঁধা দেব, আমি গিয়ে পাহারা দেব।’”
তিনি পুলিশের আচরণ পরিবর্তন সম্পর্কে বলেন, “ওদিকে দেখতেছি, পুলিশেরা দাঁড়িয়ে রয়েছে। কে খবর দিয়েছে জানি না। আমি পুলিশ-টুলিশ খবর দিই না। কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম, এমনে স্যালুট দেয়। আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।”
জানা গেছে, গত ২২ অক্টোবর বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার এলাকায় ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত এক সিরাত মাহফিলে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। অনুষ্ঠানটি শহীদ ছাত্রশিবির নেতা মুহাম্মদ আনছার উল্লাহ তালুকদারের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছিল।
একের পর এক বিতর্কিত বক্তব্য ভাইরাল হওয়ায় শাহজাহান চৌধুরী বর্তমানে গণমাধ্যম এড়িয়ে চলছেন। তাঁর ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন জানিয়েছেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এর আগে প্রশাসনকে ‘আন্ডারে’ আনার বক্তব্যের জন্য দল থেকে তাঁকে শোকজ করা হয়েছিল।
বাংলাফ্লো/এফআইআর






