চতুর্থবারের মতো মিস ইউনিভার্স শিরোপা গেল মেক্সিকোর ঘরে
এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় এবার সব আলো কেড়ে নিলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানিয়ে যিনি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন, সেই ফাতিমা বশই জিতে নিলেন বিশ্বসৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান।
চূড়ান্ত পর্বের কয়েকদিন আগে, আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’-এর মতো অপ্রত্যাশিত মন্তব্য শুনেছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তাঁর এই দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে এবং তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।
ফাইনালের মঞ্চে, বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তাঁর সুস্পষ্ট ও শক্তিশালী উত্তর প্রমাণ করে দেয় যে, প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে।
২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে ফাতিমা বশ থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে লড়াই করেন। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে তিনি শিরোপা জয় করেন। এটি মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো এই শিরোপা জয়। এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড।
বাংলাফ্লো/এফআইআর






