উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে তাঁর বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ রাত ৯টা ১২ মিনিটের দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়।”
তিনি আরও জানান, “খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ওসিসহ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”
পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা, কেন এই হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






