বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে গেছে। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেয়া বড় লক্ষ্যের পেছনে ছুটতে নেমে কিউইরা দশ উইকেটই হারিয়েছে ক্যাচ ছুঁড়ে। ৬৫ রানের বড় জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। বৃহস্পতিবার হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।
ক্রাইস্টচার্চে সোমবার টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় হ্যারি ব্রুকের দল। লক্ষ্যে ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১৭১ রানে থামে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের দুশো পার হওয়াতে বড় ভূমিকা রাখেন অধিনায়ক হ্যারি ব্রুক। ৬৮ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর তিনি জুটি গড়েন ফিল সল্টের সঙ্গে। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ১২৯ রান। ২২ বলে ফিফটি পূর্ণ করা ইংলিশ অধিনায়ক শেষপর্যন্ত করেন ৩৫ বলে ৭৮ রান। সল্টের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৮৫ রান।
জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের ২৪ ও ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে বড় পুঁজি পায় সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন দুটি এবং জ্যাকব ডাফি ও মিচেল ব্রেসওয়েল একটি করে উইকেট শিকার করেন।
রানতাড়ায় নিউজিল্যান্ড ১৮তেই হারায় ২ উইকেট। এরপর টিম সেইফার্ট চারে নামা মার্ক চ্যাপম্যানকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন। চ্যাপম্যান ২৮ রান, সেইফার্ট ৩৯ রানে পরপর দুই ওভারে আউট হয়ে গেলে আবার দিক হারায় নিউজিল্যান্ড। পরে বাকিদের কেউই আর দাঁড়াতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন আদিল রশিদ। দুটি করে উইকেট নেন লুক উড, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন।


