বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম। পর পর দু’টি হিট ছবিতে অভিনয় করে বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। কারণ হিসাবে বলেছিলেন, তিনি ধর্মে মন দিতে চান।
অভিনয় ছাড়ার পাঁচ বছর পরে মাত্র ২৪ বছর বয়সেই বিয়ে করলেন জাইরা। সমাজমাধ্যমে সেই খবর নিজেই ভাগ করে নিলেন।
বিয়েতে তার পরনে ছিল লাল রঙের পোশাক। বর বেছে নিয়েছিলেন ঘিয়ে রং। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জাইরা তার ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন। যার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জাইরা। মেহেদি রাঙা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি।
অন্য আরেকটি ছবিতে দেখা গেছে, পাত্রের সঙ্গে বিয়ের সাজে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। দু’জনেই দাঁড়িয়ে রয়েছেন পিছন ফিরে। নতুন জীবনে পা বাড়াতেই জাইরাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। তবে কাকে বিয়ে করেছেন তা প্রকাশ্যে আনেননি প্রাক্তন এই অভিনেত্রী। এমনকি পাত্রের নাম, পরিচয়, পেশা, মুখও দেখাননি জাইরা।
জাইরা ওয়াসিম অভিনীত প্রথম সিনেমা ‘দঙ্গল’। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় অভিনেতা আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। অভিনয় গুণে প্রথম সিনেমাতেই দর্শক নজরে পড়েন। এরপর একাধিক সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে।
তবে ২০১৯ সালে হঠাৎই ধর্মে মনোযোগী হন জাইরা ওয়াসিম। জানান, সিনেমায় কাজ করার অভিজ্ঞতা হিসেবে মানুষের ভালোবাসা, প্রশংসা পেলেও অসচেতনভাবে ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরেও সরে গেছেন। তাই বর্তমানে লাইট-ক্যামেরার আড়ালেই রয়েছেন এ অভিনেত্রী।- এনডিটিভি


