মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। মূলপর্বে খেলতে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের মেয়েদের। তবে তাইপের বিপক্ষে পাত্তাই পায়নি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ৫-০ গোলে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের।
জর্ডানে গড়ানো ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি চাইনিজ তাইপে। আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। ৬ মিনিটে গোল করেন উ চাই-জুয়ান এবং ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চুং ইউন-চেইন।
বিরতির পর আরও ৩ গোল হজম করে বাংলাদেশ। ৬৫ মিনিটে ইয়াং ই-আই তৃতীয় গোলটি করেন। এরপর যোগকরা সময়ে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন উ ইয়েন-ইউ, মিনিট দুয়েক পর পঞ্চম গোলটি করেন সিয়াও ইউ-হুই।
বাংলাদেশের মেয়েরা অবশ্য বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। তবে চাইনিজ তইপের রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের। তাতে গোলশূন্য থেকে ৫ গোলে হার দেখতে হয়েছে।


