আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে সরাসরি হস্তক্ষেপ চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইসরায়েলের প্রায় ৬০০ সাবেক নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তা।
ওই চিঠিতে বর্তমান ইসরায়েল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের জমি দখলে মদদ দেওয়ার নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাবেক এই কর্মকর্তাদের মতে, সরকারের এমন আগ্রাসী নীতি কেবল ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকেই খাদের কিনারে ঠেলে দিচ্ছে না, বরং ট্রাম্পের বহুল আলোচিত ‘আব্রাহাম চুক্তি’ সম্প্রসারণের উদ্যোগকেও বড় ধরনের হুমকির মুখে ফেলছে।
উল্লেখ্য, আব্রাহাম চুক্তির মাধ্যমে মূলত ইসরায়েল বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে নিজেদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল, যাদের সঙ্গে আগে কখনো তাদের যুদ্ধ পরিস্থিতি ছিল না। তবে এই চুক্তিতে ফিলিস্তিন সংকট সমাধানের বিষয়টি কার্যত পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউসের ওপর প্রভাব বিস্তার করা এবং বর্তমান বিপজ্জনক পরিস্থিতির লাগাম টেনে ধরাই এই খোলা চিঠির মূল উদ্দেশ্য। ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আগের সতর্কবার্তার সঙ্গেও এই চিঠির বক্তব্যের বেশ মিল পাওয়া যায়। এর আগে বলা হয়েছিল, অবৈধ বসতি স্থাপনকারীরা ক্রমেই নিজেদের খেয়ালখুশিমতো ইসরায়েলি বাহিনীর আদলে কাজ শুরু করেছে, যা প্রকারান্তরে খোদ ইসরায়েলি সেনাদের জীবনকেই চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









