বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর ভক্তদের জন্য দারুণ সুখবর। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরতে যাচ্ছে র্যাঞ্চো, রাজু আর ফারহানের সেই অমর বন্ধুত্ব। পরিচালক রাজকুমার হিরানি চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ব্লকবাস্টার এই ছবিটির দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েল নিয়ে আসার জন্য।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিক্যুয়েলে কাস্টিংয়ে কোনো বড় পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ, ভক্তরা আবারও র্যাঞ্চোর ভূমিকায় আমির খান এবং তাঁর বিপরীতে পিয়া শাস্ত্রবুদ্ধি চরিত্রে কারিনা কাপুরকে দেখতে পাবেন। পাশাপাশি র্যাঞ্চোর দুই ঘনিষ্ঠ বন্ধু রাজু রস্তোগি ও ফারহান কুরেশির চরিত্রে ফিরছেন যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন।
জানা গেছে, ছবির চিত্রনাট্যের কাজ একদম শেষ পর্যায়ে। প্রথম ছবির শেষে পিয়া নিজের বিয়ের আসর থেকে পালিয়ে র্যাঞ্চোর কাছে চলে এসেছিল। সিক্যুয়েলের গল্প সেখান থেকেই শুরু হবে, নাকি নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে—তা নিয়ে জল্পনা থাকলেও হিরানি স্পেশাল হিউমার যে থাকছে, তা নিশ্চিত।
এই সিক্যুয়েল নিয়ে পরিচালক এতটাই সিরিয়াস যে, তিনি আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিক নির্মাণের কাজও আপাতত স্থগিত রেখেছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালেই রুপালি পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।
বাংলাফ্লো/এফআইআর






