বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: দেশে গত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে নিখোঁজ হওয়া সব শিশুই হারিয়ে যায় না, বরং এর একটি বড় অংশ পরবর্তীতে পরিবারের কাছে ফিরে আসে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, একটি শিশু হারিয়ে গেলে পরিবার জিডি করে, তবে সেই জিডির অর্থ এই নয় যে শিশুটি আর ফিরে আসেনি। নিখোঁজদের বিরাট একটি অংশ শেষ পর্যন্ত ফিরে আসে। কোনো কোনো গণমাধ্যম এ বিষয়ে ফলোআপ রিপোর্টও করেছে, যা মিডিয়ার অন্যতম দায়িত্ব। তবে জিডি হওয়া শিশুদের মধ্যে ঠিক কতজন আর পরিবারের কাছে ফিরে আসেনি, সরকারের কাছে সেটির পূর্ণাঙ্গ তথ্য নেই বলে তিনি উল্লেখ করেন।
এই পরিসংখ্যানকে নতুন বা আকস্মিক কোনো সংকট হিসেবে দেখার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা আগের সময়ের তুলনামূলক তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৩ হাজার ৮৭৬টি জিডি হয়েছিল, যার বিপরীতে গত সাত মাসে হয়েছে ১৫ হাজার ৭১৭টি। দুই সময়ের সংখ্যার মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নেই।
একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের নিখোঁজের তথ্য দিয়ে তিনি জানান, গত সাত মাসে প্রাপ্তবয়স্ক ১৩ হাজার ৫৮০ জনের বিষয়ে জিডি হয়েছে। আগের সাত মাসে এ সংখ্যা ছিল ১৩ হাজার ৩ জন। সংখ্যাগুলো খুবই কাছাকাছি হওয়ায় এটি একেবারে নতুন কোনো পরিস্থিতি নয়।
তবে শিশু নিখোঁজের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমি বলছি না আমাদের শিশুরা এভাবে হারিয়ে যাওয়াটা ঠিক আছে। তবে এ ধরনের ঘটনা বাংলাদেশে একেবারে নতুন কোনো সংকট নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য-উপাত্তের ভিত্তিতে সতর্ক থাকা উচিত।”
বাংলাফ্লো/এম এইচ এইচ









