আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন। জেলেনস্কি জানান, পেশাদার ও বাধ্যতামূলক নিয়োগপ্রাপ্ত মিলিয়ে এই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজারে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ৪৩ হাজার সেনা নিহতের কথা জানিয়েছিলেন। তবে সরকারি এই পরিসংখ্যানের বাইরেও বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। ছয় মাস আগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭০ হাজারের বেশি মানুষ নিখোঁজ ছিলেন, যাদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছেন।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, এই যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের এই ভয়াবহতার মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চলছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন। স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনাকে ‘বিস্তারিত ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করলেও জানিয়েছেন, এখনো উল্লেখযোগ্য কাজ বাকি। শান্তি আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক নিয়ন্ত্রণ। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের দোনবাস শিল্পাঞ্চলের যে অংশটুকু এখনও তাদের নিয়ন্ত্রণে নেই, তা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। ক্রেমলিনের এই কঠিন শর্ত শান্তি চুক্তির পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাফ্লো/এফআইআর





