আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি উল্টো অভিযোগ করেছেন, চলমান শান্তি সংলাপকে বাধাগ্রস্ত করতে এবং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর অজুহাত তৈরি করতেই রাশিয়া এই ‘মিথ্যা নাটক’ সাজিয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক টেলিগ্রাম বার্তায় দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী নভগোরোদে পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন আটকে দিয়েছে। লাভরভ কিয়েভ সরকারকে ‘অপরাধী গ্যাং’ আখ্যা দিয়ে বলেন, “এই হামলার পর ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নিয়ে পর্যালোচনা করবে মস্কো।”
লাভরভের বিবৃতির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় জেলেনস্কি একে ‘গতানুগতিক রুশ মিথ্যাচার’ বলে অভিহিত করেন। তিনি বলেন:
“এটা আসলে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাতমাত্র। এর আগেও রাশিয়া নিজেদের সরকারি ভবন ও স্থাপনায় এমন হামলা চালিয়েছে।”
“বিশ্ব ইতোমধ্যে রাশিয়ার গোপন মতলব জেনে গেছে। ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের পথে রাশিয়ার কোনো ধরনের বাধা আর আমরা মানতে প্রস্তুত নই।”
উল্লেখ্য, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানে ২০ দফার একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। এ নিয়ে সোমবার ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই নভগোরোদে এই কথিত ড্রোন হামলার ঘটনা ঘটে।
বাংলাফ্লো/এফআইআর






